রাজধানীর মতিঝিলে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার বিকেলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন অস্থায়ী স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়া হয়। অভিযানের পর পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের জায়গা উন্মুক্ত করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
