দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর কার্যকর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, স্থানীয়ভাবে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনে বিশেষ নীতিগত প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কৃষক, কৃষিশ্রমিক ও রিকশাচালকসহ প্রান্তিক পর্যায়ের প্রায় ৫ কোটি মানুষের কাছে কম দামে স্মার্টফোন পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের কথাও জানান তিনি। এই উদ্যোগের আওতায় প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানত ছাড়াই ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামো অনুমোদনের কথাও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি এবং এসএসসিতে শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।
কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনা মূল্যে সুষম খাবার দেওয়ার রূপরেখা তৈরির কথা উল্লেখ করেন মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষক দিবসে দেশের নির্বাচিত ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, আন্দোলনে নিহত ৭৪ জনের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।
প্রবাসী আয় নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন মাহদী আমিন। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলারে পৌঁছেছে।
এছাড়া ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ও তুলে ধরেন তিনি।
