লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের ঘটনায় আফাজ উদ্দিন হত্যার মামলায় হবিবর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান ওরফে গোদা (৪০) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা উফারমারা প্রধানপাড়া গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় বাজার থেকে ফেরার সময় হবিবর রহমান আফাজ উদ্দিন (৪৬) ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী পাটগ্রাম থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুল আলম মিলন জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার অধীনে হাইকোর্ট বিভাগের অনুমোদনের পর আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।