নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেব’—এমন লেখা পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়ন যুবদল নেতা মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কয়েক দিন ধরে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়। তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খোকন দাবি করেছেন, তাঁকে হেয় করতে জামায়াতের নেতা-কর্মীরা এসব পোস্টার লাগিয়েছেন।

দেয়ালে সাঁটানো পোস্টারে লেখা হয়েছে, ‘আসন্ন ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেব।’

এ ছাড়া পোস্টারে ‘বেকারদের জন্য গাঁজা, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’—এমন বিভিন্ন স্লোগানও লেখা হয়েছে।

পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বেলাল হোসেন অপেল নামের একজন মন্তব্য করেন, ‘আর কী বলব।’ মো. রাজু নামের একজন লেখেন, ‘মাদক কতটা ভয়াবহ হলে এমন পোস্টার করা হয়।’ সজিব মাহমুদ নামের আরেকজন মন্তব্য করেন, ‘এটি প্রতিহিংসা থেকে হতে পারে।’

পোস্টারে নাম ও ছবি থাকা সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ‘পাঁচ দিন আগে আমার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে চড় মারে। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি এবং মামলা করার প্রস্তুতি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করব।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’