বরিশাল সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি ও হোল্ডিংয়ের আবেদন অপেক্ষমাণ (পেন্ডিং) থাকায় দুই ভূমি কর্মকর্তাকে শোকজ করেছে জেলা প্রশাসক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে গিয়ে আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার বিষয়টি নজরে এলে কর্মকর্তাদের শোকজ করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।
পরিদর্শনকালে অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করে তিনি দেখতে পান নামজারির ৩১টি আবেদন গত এক মাসের বেশি সময় ধরে অপেক্ষমাণ রাখা হয়েছে। একই সঙ্গে ১১টি হোল্ডিং আবেদনেরও নিষ্পত্তি করা হয়নি।
দীর্ঘদিন ধরে এসব আবেদন ঝুলে থাকায় নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়।
এ ঘটনায় বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কেন দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে না সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ‘ভূমি সেবার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন পেন্ডিং রাখা যাবে না। জনগণকে হয়রানি না করে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি ও হোল্ডিংসহ সব সেবা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা কিংবা জনভোগান্তি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দ্রুত সেবা প্রদান ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেনও জানান তিনি।
