সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে মক্কাসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে ঢাকা।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব স্থানের নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা সবসময় সুরক্ষিত রাখতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের হুতিদের পাঠানো একটি ড্রোন মক্কার দক্ষিণে ধ্বংস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, ড্রোনটি মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মক্কার নিরাপত্তাকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

তবে হুতিরা মক্কা বা সৌদি আরবের কোনো পবিত্র স্থান লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটি সৌদি আরবের অন্যান্য সামরিক ও কৌশলগত স্থাপনায় সাম্প্রতিক হামলার দায় স্বীকার করলেও মক্কাকে লক্ষ্য করার দাবি প্রত্যাখ্যান করেছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতি হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মক্কা, জেদ্দাসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছিল।