যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে রয়েছেন। ট্রাম্প বলেন, সামনে তার “বড় সিদ্ধান্ত” রয়েছে—তিনি ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান আবার শুরু করবেন, নাকি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখবেন। তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আগামী মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এই বৈঠক ইরান যুদ্ধের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।গত আগস্টে সৌদি আরব ও কাতার আশঙ্কা প্রকাশ করেছিল, যুক্তরাষ্ট্র বড় আকারের হামলা চালালে ইরান পাল্টা সৌদি তেল ও গ্যাস স্থাপনায় আঘাত করতে পারে। এরপর ট্রাম্প প্রশাসন বড় সামরিক অভিযান স্থগিত রেখে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়ানোর দিকে বেশি নজর দেয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বর্তমান সামরিক উপস্থিতি বছরের শেষ পর্যন্ত বজায় রাখার নির্দেশ দিয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত বড় ধরনের সামরিক অভিযানে ফিরে যাওয়া যায়।
সূত্র: অ্যাক্সিওস

