চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের মধ্যে স্কচটেপে মোড়ানো পেস্ট থেকে পাওয়া ২৪ ক্যারেটের একটি স্বর্ণপিণ্ড এবং বিভিন্ন ধরনের স্বর্ণালংকার রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টি জানিয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, মাসকাট থেকে সালামএয়ারের OV 0401 ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হাসান মুরাদ। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিআইআইডি টিমসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা বিমানবন্দরের কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করেন।

তল্লাশির সময় তার ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টের মতো একটি স্বর্ণসদৃশ পদার্থ পাওয়া যায়। পরে স্বর্ণ কারিগরের সহায়তায় সেটি প্রক্রিয়াজাত করলে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এদিকে যাত্রীর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ৩৫ পিস স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব অলংকারের মোট ওজন ১০৬ গ্রাম। দুই ধরনের স্বর্ণসহ জব্দ করা সামগ্রীর মোট ওজন দাঁড়িয়েছে ৫৩১ গ্রাম।

কাস্টমস গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের শুল্ক ও করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ বিশেষ কৌশলে লুকিয়ে আনার ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।